Tuesday, 5 July 2016


রক্তখেলা।
সৌম্যজিৎ।


মাটি আজ লালে রাঙা,
রক্তের স্রোতে ভাসছে মেঝে,
লেখিকার চোখে আমি দেখি এক মরণ ভয়ের অনুভূতি।
লেখিকা আমার চিন্তার মধ্যে গলায় হাত বুলিয়ে ভাবে,
মাথার পিছনে হাত দিয়ে দেখে কেমন সে স্পর্শ যখন
হার্মাদেরা খুনের সময় ধরে?
আমি সব মানতে পারি, সইতে পারি দুর্বিসহ,
লেখিকার ভয়ার্ত স্বপ্ন আমায় ভাঙে মুহুর্মুহ।
পারিনা তার কষ্ট দেখতে আর,
সারাজীবন সে চলছে কষ্টে, পদে পদে ভয় নিয়ে-
বেঁচে আছে, লড়াই লড়ছে তবু
পিছনে মৃত্যুর হাতছানি।

কেমন ভাবে না জানি ওরা লড়েছিল বাঁচতে,
ঢাকার ক্যাফের বাতাস তখন তাজা রক্তে ভাসছে,
কেউ কেউ হয়ত বাঁচার জন্য কাড়তে চেয়েছিল অস্ত্র,
চোখে মুখে আতঙ্কের তীব্র ছাপ,
চারিদিকে শুধু চিৎকার "বাঁচাও",
চারিদিকে চিৎকার-
ওদের শরীরে কেটে কেটে রক্ত মাংস বার করে নেওয়ার,
চারিদিকে তীক্ষ্ন চিৎকারের প্রতিধ্বনি,
গুলির আওয়াজ ক্যাফে ভেদ করে রাস্তার মানুষের কান ঝালাপালা করে দিয়েছিল,
ভিতরে তখন মৃত্যুখেলা,
ওরা পারেনি নিজেদের রক্ষা করতে।
একটার পর একটা গুলি শরীর ভেদ করে ছিটকে পড়ছে,
আঁছড়ে পড়ছে দেওয়াল মেঝেতে,
জ্যান্ত মানুষগুলো মুহূর্তের মধ্যে প্রাণহীন,
লুটিয়ে পড়ছে ক্যাফের টেবিল, মাটিতে।

কেউ কেউ প্রাণের ভয়ে ছুটছে, পালাতে চাইছে,
বৃথা চেষ্টা ওদের,
আইসিসের বন্দুকের গুলির গতি মুহূর্তে পরাজিত করছে ওদের
রুদ্ধশ্বাস পালানোর গতিকে।
কেউ তখন চেষ্টা করছে প্রাণপনে আপনজনদের প্রাণ ভিক্ষা চেয়ে।
আইসিসের নির্মম হৃদয় তাতে গলবে কেন?
তারা জিহাদি শিক্ষায় শিক্ষিত,
ওদের ছাড়বে কেন?
শুনিয়ে দিচ্ছে মৃত্যুঘন্টা বন্দুকের আওয়াজে।
ফেটে পড়ছে আল্লাহ আকবরের জয়ধ্বনি,
ওরা গর্বিত ওদের ইসলাম ধর্ম নিয়ে,
ইসলামের আদেশ পালন করছে,
যেন যুদ্ধে বড় কোনো জয় লাভ,
জীবনকে সার্থক করছে জান্নাতের পথ প্রশস্ত করে।

মূর্খ ওরা, ভন্ড ওরা,
মানুষের তাজা রক্তে স্নান করে জান্নাতের পথ চায়,
মানুষকে মৃত্যুর আগুনে পুড়িয়ে ওরা যেতে চায় কল্পিত সুখের রাজ্যে,
মানুষ জন্ম বৃথা ওদের, শেখেনি মানুষের শিক্ষা,
যে জিহাদে, যে মিশনে ইসলাম শক্তি কায়েম করতে চায় ওরা,
তা এক মৃত্যুর বিভীশিখা।
ধর্ম আনেনি মানুষ,
মানুষ এনেছে ধর্ম,
ধর্মের নামে মানুষকে পরাধীন করতে, সম্মোহিত করতে,
কাল্পনিক ধর্মকে মহাবিশ্বজনীন সত্যের কথন দিয়েছিল
আজকের এই হত্যালীলা দ্বারা আতঙ্কিত করে ক্ষমতার শীর্ষে থাকতে।
ঐ খুনিরা বড্ড মূর্খ ওরা জানেনা ধর্মের জারিজুরি,
ওদের মাথায় শুধু জান্নাত ঘোরে, ওরা সম্মোহনের শক্তি কায়েম করে লুটিয়ে পড়ে,
সুবিধাভোগীরা উঁচু তলায় সুযোগের অপেক্ষা করে-
আবারও নতুন ছক কষতে।


এই হত্যার নাই কোনো শেষ,
যতদিন ধর্ম থাকবে শীর্ষে,
কালকের হত্যা আগামীতে হবে পুরোনো,
সময় নতুন রক্তের গন্ধ পাচ্ছে।
আরও ভয়ঙ্কর!! আরও আর্তনাদ!! আরও ধ্বংসাত্বক!!...
কাল তারিসিরা গেছে,
আগামীতে পালা আমার, তোমার, তোমাদের ...

তারিখ- ৫ই জুলাই, ২০১৬।

No comments:

Post a Comment