- ওই দেখ দেখ দেখ সব্বাই। রবি ঠাকুরের কলঙ্কিনী।
- "কলঙ্কিনী!" এ তো নিখাদ প্রেম! প্রেম কেন কলঙ্ক হবে!
- কলঙ্কই তো! লাজ নাই, শরম নাই, খালি খালি বুড়োটাকে সবার সমুখে বুকে জড়িয়ে রাখে সবসময়!
- যাকে শরীরে কখনো পাবে না জেনেও যদি কল্পনা করেই বুকের ভিতরে আষ্টেপৃষ্ঠে রেখে দিতে চায়, সে তবে গভীর প্রেম! গভীর প্রেমে সে মত্ত হয়ে আছে। এই প্রেমকে যদি তোমরা কলঙ্ক বলো, তবে তাই হোক। এমন কলঙ্কে যেন আমিও কালিমালিপ্ত হতে পারি আজীবন!
- তুই তো পুরুষ! পুরুষ আবার কখনো কালিমালিপ্ত হয়! পুরুষ তো সব পারে। কালি শুধু মেয়েদেরই লাগে।
- পার্থক্য শুধু ও রবি ঠাকুরকে বুকে জড়িয়ে রাখে, আমি তসলিমা নাসরিনকে বুকে জড়িয়ে রাখি। এর বাইরে যাকিছু প্রেমের আকার, গভীরতা আছে, আমাদের সব এক। যদি ওকে তোমরা কলঙ্কের কালি মাখাও, সে কালি আমার গায়েও তবে আছে। কারণ আমরা উভয়েই মানুষ। নারী - পুরুষ তো শুধু শরীরে। গায়ে কেটে দেখো, বুকের ভিতরে ঢুকে দেখো, মস্তিষ্ক ভেদ করে দেখো। দেখবে, "আমরা কেবলই মানুষ। মানুষ মানুষ মানুষ .."