১) তোমার সাথে ভীষণ কথা বলতে ইচ্ছা করে। বারবার কথা বলতে যাই, কিন্তু ঘুরে আসি আবারও। এটা হয়ত সঠিক সময় নয়। বা হয়ত প্রেম করার ইচ্ছাটুকুই আমার ভিতর থেকে হারিয়ে গেছে। এরপরও যে কেন বারবার কথা বলতে ইচ্ছা করে! একদিন বলবো কথা। আমার কাজগুলো করে নিই। আর আমি জানি, তুমি বিরক্ত হও হয়ত আমি কথা বললে।
২) এই যে তুমি লিখেছ, "পাঁচিল তুলেছি নিজের দুধারে.. একটু একা একা থাকা। .. "
সত্যিই কি তুমি নিজেকে আড়াল করে রেখেছ দেওয়ালের ভিতরে! আচ্ছা, কখনো কি তুমি নিজেকে মুক্ত করবেনা সেই দেওয়াল থেকে!
৩) কি যে মিষ্টি লাগে তোমাকে! বারেবারে দেখি। সবথেকে ভালো যেটা, তুমি বেশ লম্বা! ইশ!! কিসব ভাবছি পাগলের মত।
৪) পরীক্ষা খারাপ হল যে ম্যাম আমার। এখন আমি কি করি!!
না। ভুলে যাই আজকের পরীক্ষার কথা। পরের পরীক্ষাগুলো ভালো করে দিতে হবে।
৫) না কিরণ। আমি কখনোই ভাবিনা যে তুমি অন আছ মানে তোমার চক্কর চলছে অনেকজনের সাথে। আর চললে চলছে। চক্কর মন ভালো রাখে। তবে আমার ব্যাপারটা আলাদা। আমি তো তোমাকে ভালবেসে ফেলেছি ভীষণ। আর যদি ভালো নাও বাসতাম, তবু কখনো অমন ভাবতাম না যে তোমার চক্কর চলছে। অন থাকার অনেক কারণ হতে পারে। সেটা ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার। আর আমি তোমাকে যেমনটা কল্পনা করেছি, তোমার মধ্যে লুকিয়ে থাকা একজন প্রেমিকা আছে। আর তুমি যখনই প্রেম করবে, সেই প্রেমের প্রতি একনিষ্ঠ হবে। আমি জানি। একটাবার, একটুখানি ভালবাসতেই পারতে। আমি একনিষ্ঠ থাকতাম।
৬) খুব রাগ হয় তোমার প্রতি। মেসেজটার রিপ্লাই পর্যন্ত দিলেনা!! কতজন আমাকে মেসেজ করে! আমি ঘুরেও দেখিনা। আর তুমি আমার মেসেজের রিপ্লাই দিলেনা!
৭) স্যরি কিরণ। কিছু মনে কোরোনা। আসলে আমি ভীষণ উৎসাহের সাথে তোমাকে মেসেজটা করেছিলাম, আর তোমার উত্তর না পেয়ে খুব হতাশ হয়ে গেছিলাম। আমার আরও শান্ত হওয়া উচিৎ।
৮) আমি কি তোমাকে বিরক্ত করি কিরণ! আমি তো কখনোই কাওকে বিরক্ত করিনা হুটহাট করে! হ্যাঁ, মেয়েমার কাছে যখন তখন মেসেজ করে ফেলি। সে তো মেয়েমাও করে। ভোর তিনটে / চারটের সময় মেসেজ করে কখনো কখনো। কিন্তু তাছাড়া আর তো কাওকে আমি বিরক্ত করিনা। আমি তোমাকে মেসেজ করবো না।
৯) কিরণ কিরণ কিরণ। আমার কিরণ। আমাকে কিছু করতে হবে। অন্যরকম কিছু একটা। এভাবে সম্ভব হচ্ছেনা। আমার মেয়েমাকে এখানে ফিরিয়ে আনতে হলে অন্যরকম কিছু করতে হবে। আমার নামটাকে আরও বড় করে তুলতে হবে। সামনের পরীক্ষাগুলো ভালো করে দিই। এই পরীক্ষাগুলো আমার নামকে খবরের শিরোনামে নিয়ে আসতে পারে। শিরোনামে আসাটা ভীষণ প্রয়োজন। কারণ আমাকে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে হবে মেয়েমাকে ফিরিয়ে আনতে হলে। তুমি যদি একটু ভালবাসতে, আমি খুব নিশ্চিন্তে আমার কাজটা করতে পারতাম। এটা ভীষণই কঠিন একটা কাজ। আমাকে আগুনের পথে চলতে হবে।
১০) তোমাকে কালো কাজলে আর কপালে ছোট্ট কালো টিপটাতে খুব সুন্দর লাগে। বারবার দেখতে ইচ্ছা করে তোমাকে ওভাবে।
১১) আজকাল তোমায় ভীষণ অহংকারী মনে হয়,
যে ভালবাসা তোমায় দিতে চেয়েছি ঝড় - তুফানের মত
নাভিশ্বাস থেকে তুলে,
যে ভালবাসা আমি বেসেছি এক নিষ্পাপ পাগল প্রেমিকাকে,
সেই ভালবাসা আমি বেসেছি তাকে
যার চোখের চাহনিতে প্রেমকে ঠিকরে বেরতে দেখেছি।
আজকের এই অহঙ্কারীকে আমি কখনোই ভালবাসিনি।
কে তুমি!
আজ এত অচেনা কেন লাগে তোমাকে!
১২) এক প্রাণ কাড়া সুন্দর,
থামিয়ে দেয় আমার গভীর তপস্যাও,
মৃত্যুও যদি সামনে এসে দাঁড়িয়ে যায়,
মৃত্যুকেও আমি বলবো অপেক্ষা করো, নাহয় পরে এসো,
এ ভুবন দেখা আমার এখনও হয়নি শেষ।
১৩)
আজ ১৫ই জানুয়ারি, ২০১৮।
প্রথমবার তোমার সাথে এত পরিষ্কার কথা বলা,
প্রথমবার যেন আমি আমার মনকেই চোখের সামনে দেখলাম,
এই প্রথমবার আমার বুকে জন্মানো হাজারও কথা তোমায় নিয়ে, -
ফুটে বেরোল শব্দের আকারে - কিরণ।