ছোটো বেলার স্মৃতিগুলো।
সৌম্যজিত দত্ত।
আমি খুব ছোটো বেলা থেকেই সব ব্যাপারে কৌতুহলী। ছোটো থেকেই নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি বিজ্ঞানের ওপর। বিজ্ঞানের ওপর বলা ভুল হবে, নিজের শরীরের ওপর। শুধু মাত্র মন ও মাথার প্রশ্নের উত্তর খুঁজতে। লোহা যে তরিতের সুপরিবাহী, এটা আমি পরীক্ষা করেছি তৃতীয় শ্রেণীতে পড়তে, তখন আমার বয়স সবে ৭। একটা লম্বা লোহার পেরেক প্লাগের মধ্যে ঢুকিয়ে, সুইচ অন করে চেপে ধরেছিলাম হাত দিয়ে। বুঝেছিলাম, প্রায় ৪-৫ সেকেন্ড আমার হাত চেপে ধরলো, আঙ্গুল গুলো কেঁপে উঠল, গুরর করে কেঁপে ওঠা মতো, তারপর পেরেকটা ছিটকে পরল, আমার মাথা ঝিমঝিম করতে থাকল কিছুক্ষন।
গ্যাস কি? গ্যাস কি আগুনের উত্স? এটা পরীক্ষা করেছিলাম, যখন ক্লাস সিক্সে পড়ি, বয়স ১০ বছরের একটু বেশি। মা কোনো কাজে বাইরে গেছিলো, আমি একটা নতুন সিলিন্ডারের ক্যাপ খুলে, রেগুলেটার ফিট করে, রেগুলেটার অন করে, আগুন জ্বালিয়েছি পাইপ ছাড়া, ভুল করে আমার চোখদুটো রেগুলেটারের মুখের সামনে রেখেছিলাম, অমনি আগুন সৎ করে ছিটকে এসে আমার ভ্রু গুলো সব উড়িয়ে দিল। কপালে ভ্রু পোড়া গন্ধ, পুরো কপাল সাদা। মুখচোখ সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, যাতে গন্ধ না থাকে। মা বাড়িতে এসে কপাল দেখে অবাক, আমি বলি, রিমুভার কে ক্রিম ভেবে লাগাতেই সব উঠে গেছে।
চার বছর বয়স, আমি দেখতাম, পেচ্ছাপ আর জলের রং একই। পার্থক্য বুঝতামনা, জল আমরা খাই, অথছ পেচ্ছাপ বাইরে বার করে দিই। কিন্তু কেন? একদিন বাথরুমে ঢুকে, মগের মধ্যে পেচ্ছাপ করে সেটা পুরো জলের মতো করে গিলে খেয়ে নিলাম, জলের মতো লাগেনি, একটু উষ্ণ লেগেছিল। আর কোনো পার্থক্য বুঝতে পারিনি।
এমন আরো কতকিছু করেছি। সবই যে পরীক্ষামূলক, এমন নয়, ডানপিটে ব্যাপারটা ছিল আমার মধ্যে ছোটো থেকেই, কতবার একতলা ছাদ থেকে লাফ দিয়ে খেলতে গেছি!! আমার মা আমাকে বাইরে বেশি মিশতে দিতোনা, ভাবতো ছেলে খারাপ হয়ে যাবে। তালা বন্ধ করে রাখতো গেটে। মা ঘুমোলে, আমি ছাদে উঠে লাফ দিয়ে খেলতে যেতাম।
একবার আমার উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে, মা বাইরে গেছিল সন্ধ্যায়, আমাকে বললো এখন কেউ আসলে আমার পড়ার ক্ষতি হবে, তাই বাইরে দিয়ে গেটে তালা দিয়ে, আমাকে নিচ থেকে ২ তলার জানালাতে চাবি ছুড়তে গিয়ে সেটা ১ তলার ওপরে আটকে গেল। মা তো চলে গেলো, আমার মাথাতে ভূত চাপলো, চাবি আমার চাই, তখনি চাই। আমি ২ তলার ছাদে উঠে, সন্ধ্যার অন্ধকারেই, পাইপ বেয়ে নিচে নেমে, ১ তলার ছাদে এসে চাবি তুলে নিচে লাফ দিলাম। তারপর তালা খুলে ঘরে গিয়ে শান্তি। তবে ঘরে গিয়ে যখন মনে করছিলাম, যে একটু আগে আমি কি করেছি, সেটা ভেবে আমার পা কাঁপতে শুরু করেছিল, যদি হাত স্লিপ করে পরেযেতাম ২ তোলা থেকে নিচে? কতবার ডিজেলের ব্যারেলের ওপর দিয়ে হাই জাম্প দিয়েছি!!! এখন মনে পরলে ভালো লাগে সেসব স্মৃতি গুলো।