ভুটো।
মরন যখন আসে তুই মরিস একবার,
তোর মরনে আমি মরি বারবার,
অজস্র যন্ত্রণা, সে কি যন্ত্রনাতে ছটপট করেছিস,
আমি কি পারি তোকে অমন দেখতে?
তীক্ষ্ন যন্ত্রনাগুলো তুই নোস, পেয়েছি সে আমিই,
আমার তুই আজ আর তোর নেই কোনো ব্যথা,
যন্ত্রণাগুলো বিঁধে মারছে এই জীবন্ত আমিকে,
তুই চলে গেলি।
সেই ছোট্ট তুইটাকেই সেদিন আমি প্রথম কোলের মধ্যে নিয়েছিলাম,
কোনো তো কেউ কোথাও ছিলনা আমার হয়ে,
ছিলনা ওরা, সেদিন কেউ ছিলনা।
কখনোই কেউ ছিলনা একটু আমার হয়ে থাকবে বলে,
ছিলিস শুধুই তুই। এক জীবন্ত তুই।
খুব অন্যায় করতিস, আমার বইগুলোকে কুচি কুচি করে কেটে ফেলেছিলিস,
স্পর্ধা দেখে আমি অবাক হইনি।
আমার বইতে কেউ হাত দিতে পারতনা, সে অধিকার তুই নিয়েছিলিস,
পাতা গুলো দাঁতের ধারে কেটে টুকরো টুকরো করেছিলিস,
আমি তো তোকে কিছুই বলিনি সেদিন।
কেন বলিনি?
আজ বলতে চাই তোকে অনেককিছু।
তুই শুনবি আমার কথা!
তুই কি শুনতে পাচ্ছিস?
দেখ, মরিসনি তুই, মেরে গেলি আমাকে।
No comments:
Post a Comment