Tuesday, 26 January 2016

তুমি মুসলিম, আমি হিন্দু। 
সৌম্যজিত দত্ত। 


রক্ত আমার তেঁতো কি মিষ্টি!! আমি বুঝিনি,
তুমি জানো তোমার রক্তের স্বাদ?
আমি হিন্দু, নিশ্চই আমার রক্ত ভালো কিছু,
হয়ত অনেক উপাদান বেশি বেশি আছে যা,
তোমার মুসলিম রক্তে নেই। 
তাইতো তুমি আমার কেউ নও। 


যদি রক্তচোসা হতাম, নিজের রক্তই একটু পান করে দেখতাম,
লাল পানীয় করে, গ্লাস ভর্তি করে পান করতাম,
কিছুটা তোমার রক্তও পান করতাম, 
আবার কিছুটা দুটো রক্ত মিশিয়ে পান করতাম। 
কে বলতে পারে হয়ত, ভিন্ন স্বাদ খুঁজে পেতাম,
হয়ত ভিন্ন গন্ধ খুঁজে পেতাম যা, আমাকে বুঝিয়ে দিত 
তুমি মুসলিম, আমি হিন্দু। 
জানো, ভীষণ কৌতুহল হয়,
রক্তে হিন্দু-মুসলিম বুঝি কিকরে!! 
জানো, ভীষণ যন্ত্রণা হয় উত্তর না পেলে। শুধু অন্ধের মত মানতে হয় 
তুমি মুসলিম, আমি হিন্দু। 


নিশ্চই প্রকৃতি তোমাকে আলাদা অক্সিজেন দেয়,
নিশ্চই প্রকৃতি আমাকে আলাদা অক্সিজেন দেয়,
হয়ত আমার নিঃশ্বাস থেকে বেরোনো কার্বন-ডাই-অক্সাইড 
তোমার মতো দূষিত নয়,
হয়ত তোমার নিঃশ্বাসে বিষ আছে। 
খুব ইচ্ছা হয়, তোমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে, তোমার নাকে নাক ঠেকিয়ে দেখি,
হয়ত দুটো নিঃশ্বাসে প্রমাণ মিলবে
তুমি মুসলিম, আমি হিন্দু।


চল আমরা ক্রোমোজম টেস্ট করে দেখি,
সেটা নিশ্চই প্রমাণ করে দেবে 
তুমি মুসলিম, আমি হিন্দু। 


No comments:

Post a Comment