Friday, 18 December 2015


মেয়েমা, তুমি আর আমি স্বপ্ন পাড়িতে।
সৌম্যজিৎ।


বেশতো চুপি চুপি আমার স্বপ্নে আসছো মেয়েমা!!
হোকনা সে স্বপ্ন, তবুতো মিষ্টি।
ভীষণ মিষ্টি!!

কাল দেখলাম হিঁয়া বড় প্লেন গাড়িতে তুমি এসে হাজির।
হলুদ পাড়ের কাপড় পরে, চোখে চশমা ঝুলিয়ে, মুখে বুদ্ধির তেজস্ক্রিয় হাসিটা।
এই তো আমার মেয়েমা!!!
আরে এই তো মৌলাবাদদের চোখের বিষ তসলিমা নাসরিন!!!
না, কই তোমাকে তো একটাবারও বিষ মনে হচ্ছেনা।
এমন স্নেহময়ী মা কি কখনো বিষ হতে পারে?
ওরা ভুল জানে। আমি তোমার বাঁ-হাতটা আমার দু'হাতের মধ্যে নিয়ে,
আমার আদুরে লজ্জা মেশানো মুখটা তোমার বাঁ-কাঁধের ওপর রাখলাম,
তুমি ডান হাতটা দিয়ে আমার মাথার চুল গুলো নেড়ে দিলে।
মুখে মুচকি হাসি দিয়ে বললে, "কেমন আছো?"

জানো, আমি আমার বাইকটার পিছনে তোমাকে বসিয়ে বাড়িতে নিয়ে আসলাম।
মা, পাপা একটু ভয় পেয়েছিল।
ওরা জানত, আমি তোমাকে পেয়ে সব ভুলে যাবো।
আমি সত্যিই মেতে গেছিলাম তোমাকে নিয়ে।
তবে বাড়িটাও কেমন যেন নতুন মনেহল।
বাড়িতে বড় উঠান আছে। একটা বড় গেট দিয়ে তোমাকে নিয়ে ঢুকলাম।
আমার ঘরে সেই পুরোনো ছবি, চারিদিকে বই আলানো। তুমি খুব খুশি ছিলে।
আমিও তোমার খুশি মুখটা ভীষণ উপভোগ করছিলাম!!

বইগুলো আমার মেয়ের মতো। কাউকে হাত দিতে দিইনা।
কেউ হাত দিলে বড্ড রেগে যাই।
কিন্তু তুমি যখন বইগুলো নেড়ে দেখছিলে,
আমি যেন মুগ্ধ হয়ে তোমাকে দেখছিলাম।
ওই দেখে তো মায়ের চক্ষু চরকগাছে!
ছেলে কাউকে বইতে হাত দিতে দেয়না। "ওমনি উনি এসে বই নাড়ছেন!"
কত্তো সাহস!!!
আমার কল্জ্বে ছেড়া ডেটা স্ট্রাকচার বইটা তোমাকে দিলাম,
পুরোনো গন্ধ লেগে আছে বইটাতে। কতবার, কত রকম ভাবে পড়েছি, বইয়ের সাথে ঘুমিয়েছি,
ঘরে বইয়ের গন্ধ, আমার শরীরের গন্ধ মাখামাখি হয়ে আছে।
তুমি বইটার পুরোনো গন্ধ নাকে নিয়ে জোরে একটা নিশ্বাস ফেললে।
তোমার চোখে জল চলে আসছিল, যেন তুমি যে পরিবারকে ফেলে এসেছিলে অনেক বছর আগে,
আজ এতো বছর পর সেই পরিবারে এসেছো, আমার কাছ থেকে সেই আপন করা ভালবাসা পাচ্ছো।
আমি তো মুখে বলে বোঝাতে পারছিলাম না, "তোমাকে কত ভালোবাসি!!"
তুমি কিন্তু ঠিকই বুঝতে পারছিলে আমার না বলতে পারা ভালোবাসা।
প্রাণ ভরে তোমাকে ইলিশঘন্ট দিয়ে ভাত খাইয়ে দিলাম।

হঠাৎ করে মন চাইল, "তোমাকে বাংলার মাটি ছোঁয়াবো।"
কিন্তু এমনি এমনি তো যেতে পারবো না,
একটু রিস্ক নিতে হবে।
বর্ডার ক্রস করে নিয়ে যেতে হবে।
আমি তোমাকে বললাম, "চেপে পড়ো মেয়েমা আমার বাইকে।"
তুমিও চেপে পড়লে, আমি বাইক নিয়ে ছুট।
একদম বর্ডারে। ওখানে তোমাকে নিয়ে তারকাঁটা পেরিয়ে ওপার বাংলার মাটির ওপর।
এ তো শুধু স্বপ্নই ছিলো। হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখি, পাপা ডাকছে।
পরীক্ষা দিতে যেতে হবে।
আমি ঘুম ভেঙে উঠে বাইরের আলোর দিকে তাকিয়ে হাসলাম।
ভাবলাম, "আমার মেয়েমাকে ফিরিয়ে আনতেই হবে। স্বপ্নের মধ্যে দেখা হাসিটা যে আমি বাস্তবে দেখতে চাই।"

No comments:

Post a Comment