মা'র উত্তর :
আমি ভালো আছি মা। আমি তোমার মধ্যেই আছি। সংসারের ভালোবাসার, মায়ার যে গন্ডি আমি কখনো পেরোতে পারিনি, পেরোতে চাইনি, সেই সংসারে পাওয়া না পাওয়ার হিসেব আমি কখনই করিনি মা। হয়ত কখনো অভিমান করেছি, অভিমান করে নিজের মধ্যেই রেখে দিয়েছি। আমার পাওয়া তো তোমরাই। যখন তোমার বড়দা জন্মাল, আমি মাতৃসুখ পেয়ে গর্বিত হয়েছিলাম। ধন্যবাদ জানিয়েছিলাম তোমার বাবাকে মনে মনে। সেই হিসেবে উনিই আমার স্বামী। যতই রাগ অভিমান হোক, উনিই আমাকে পূর্ণ করেছিলেন। তোমাদের চার ভাই বোনকে উপহার দিয়েছিলেন উনি আমার কোলে। বাবাকে যেভাবে আদর্শ মনে করতে, সেভাবেই আদর্শ করে সারাজীবন পথ চলো। এখনও অনেকটা পথ তোমাকে হাঁটতে হবে। ছোড়দাকে তুমি কাছের বন্ধু ভেবেছো সবসময়, ছোড়দা, বড়দা, আমি, তোমার বাবা তোমাকে অনেক আশির্বাদ করি। সত্যের পথে চিরকাল এভাবেই আপোষহীন থেকো। বোন কে বুবু, মা, বাবা, দাদা সবার স্নেহ ও ভালবাসা দেওয়ার দায়িত্ব এখন তোমার। ওকে দেখে রেখো। তোমার বোনটা কষ্টগুলো চিরকাল নিজের মধ্যে আটকে রাখে। একা একা কষ্ট পায়। তবু সংসারে নিজেকে ব্যস্ত রেখে সব ভোলার চেষ্টা করে। ওকে একটু মুক্তির ছোঁয়া দিও। তুমি ফিরবেই। সত্যের জয় হবেই। সৌম্যজিৎ খুব ভালবাসে তোমাকে। ও কখনো তোমার সাথ ছাড়বেনা। ভীষণ বিপদেও তোমাকে ধরে রাখবে। ওকেও ভালোবাসা দিও। ভালো থেকো। মন খারাপ করবেনা কখনো। আমরা সবাই আছি তোমার সাথে।
ইতি
মা।
No comments:
Post a Comment