Thursday, 19 May 2016

স্বপ্নে এবার নতুন তুমি মেয়েমা।
সৌম্যজিৎ।


স্বপ্নে আবার তুমি এলে,
এবার তুমি শিক্ষিকা হয়ে
স্নেহ দিয়ে, আদর দিয়ে আঁচলে জড়িয়ে নিচ্ছো
নিষ্পাপ কচিকাচাদের।
আমিও আছি একটু দূরে, তোমাকে দেখছি প্রাণ ভরে,
তবু কাছে যাচ্ছিনা।
স্বপ্নে আমি ফিরেছিলাম সেই স্কুলজীবনে,
কাঁধে একটা ব্যাগ নিয়ে, গলাতে দুধের ফ্লাস্ক ঝুলিয়ে,
দূরে বসেই তোমাকে দেখে যাচ্ছিলাম,
তুমি খেলছিলে আমার বন্ধুদের সাথে।
আমি দেখছিলাম প্রাণভরে।

হঠাৎ তুমি কাছে এলে,
বললে, "খেলবিনা? চল খেলা করি।"
আমি ঠিক যেমন ছিলাম বসে, তেমনই থাকলাম।
ওপাশ থেকে নিতু এসে তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল,
তুমি অবাক হয়ে হাসি মুখে পিছন ফিরে তাকালে।
বড্ড স্নেহ আর অবাক দৃষ্টি তোমার ওই চোখে!!

একদিন তুমি নিতুকে বললে, "নিতু ওই ছেলেটা কে রে?"
নিতু বলে, "ও শান্ত। নামেও শান্ত, কাজেও শান্ত। কারোর সাথে খেলেনা।
চুপটি করে শুধু বসে থাকে একাএকা।"
তুমি দেখি আবারও আমার দিকে দেখলে, আরও কি যেন একটা ভাবলে।
তোমার কপালে সরু শিরাগুলো যেন কোনো চিন্তার আভাস দিচ্ছে।
আমি ভাবি, মনে মনেই ভাবি, তোমার স্নেহ যদি আমি পাই!!!
যদি একাই পাই!!!
আমি ওই স্নেহ কাওকে পেতে দেবোনা।
একাই নেবো।
তোমার সাথে খেলবো, ঘুরবো, গল্প করবো,
আর তোমার গল্প মুগ্ধ হয়ে শুনবো।


সত্যিই তুমি এলে আমার কাছে
আঁচল ভরা স্নেহ নিয়ে,
সামনে এসে দাঁড়িয়ে আমার জামার কলারটা দিলে নামিয়ে।
আমি মিষ্টি চোখে তোমার দিকে চেয়ে বললাম,
"তুমি আমাকে আদর করবে?"
একটু হেসে বললে, "হ্যাঁ, আদর করবো তো।
আমার শান্ত বাবুকে খুব আদর করবো। খেলবে আমার সাথে?"
আমি আদর মাখা চোখে বললাম, "খেলবো,
কিন্তু তুমি ওদের একটুও আদর দেবেনা।
ওরা ভালনা। পচা।"

"ওরা পচা!!"

"পচাই তো। রোজ রোজ তোমার সাথে খেলে,
আমাকে একটুও দেয়না তোমায় খেলতে।"

"তুমি তো সবার সাথে খেলতে পারো, আমরা সবাই কেমন খেলি!!
খুব মজা করি।"

"না না না। আমি খেলবোনা ওদের সাথে, ওরা পচা।"

"আচ্ছা পচা। আমি তোমার সাথেই খেলবো। খুশি তো?"

"হি... হ্যাঁ খুশি। সন্ধ্যা হয়ে আসছিল,
আমি তোমার চোখে সেই স্নেহ দেখছিলাম যেভাবে মায়েরা দেখে।
আমাকে প্রথম এভাবে কেউ দেখল, মা মা গন্ধ পাচ্ছিলাম তোমার শরীরে।
দু-হাত খুলে তোমাকে জরিয়ে ধরলাম।"


No comments:

Post a Comment