ও আমার ছোট বোন ঐন্দ্রিলা। ছোট বোন! আমাদের মধ্যে দাদা, বোনের সেই মাপা সম্পর্কটা কোনোদিনই গড়ে ওঠেনি। বরং বন্ধুর থেকে অনেকটা বেশিই কিছু। প্রথমত আমি সবার সাথে যেমন ভদ্রতাসম্মত আচরণে অভ্যস্ত, ওর ক্ষেত্রে আমি অনেকটা ভিন্ন মানুষ। ঔ তাই। ছোট ছিল, একটু বোকা ছিল, একটু বেশিই মিষ্টি ছিল। বড় হওয়ার সাথে সাথে এখনো সেই বোকাই আছে, তবে আধুনিক স্বভাবটা রপ্ত করে ফেলেছে বেশ। স্মার্ট। ভীষনই স্মার্ট। বাইরের জগতে চলে অভ্যস্ত। প্রতিবাদী। মুখের ওপর কথা বলে দিতে পারে ভাবনা চিন্তা না করেই। ঘরে দমে থাকার মেয়ে ও কখনই নয়। ঠিক আমার পপি দিদির উল্টোটা। ওর সাথে বন্ডিংটা এমনই, মাঝে মাঝেই মন কষাকষিতে আমাদের কথা বন্ধ হয়ে যায়। কখনো দুমাস, কখনো পাঁচ মাস বন্ধ থাকে। কে প্রথম কথা বলে সেটা আমি বলবোনা। তবে ও যেমন স্মার্ট তেমনই ভীষণ সরল ও দয়ালু প্রকৃতির। আমার যখন ব্রেক আপ হয় পায়েলের সাথে, সময়টাতে আমি ভীষনই ভেঙে পড়েছিলাম। ও মারাত্মকভাবে আমাকে ভরসা জুগিয়ে গেছে। অনেক চেষ্টা করেছিল সম্পর্কটা ঠিক করে দিতে, কিন্তু সেটা হওয়ার ছিলনা। আমিই পিছিয়ে এসেছিলাম শেষ পর্যন্ত। ওকে নিয়ে একটা দিকে নিশ্চিন্ত, পৃথিবীতে এমন কোনো পুরুষতান্ত্রিক পুরুষ মনেহয় নেই যে ওকে দমিয়ে দিতে পারবে, বরং আমার বোন একাই যথেষ্ট সেই পুরুষকে নাকে দড়ি বেঁধে ঘোরাতে। খুব ভালো গান করে। দারুন আওয়াজ ওর কন্ঠে ! তবে এতটাই ফাঁকিবাজ যে ভালো গানের কন্ঠ পেয়েও সেটাকে নষ্ট করে ফেলছে। আমার মনেহয়, পড়াশোনা বা ছবি আঁকা বা অন্যান্য জায়গাগুলোর থেকে যদি গান নিয়ে বেশি ভাবে, তবে পশ্চিমবঙ্গ একজন ভালো গায়িকা পেতে পারে সামনেই।
No comments:
Post a Comment