Friday, 3 March 2017

আমার ভালবাসার ভালোবাসা। 
সৌম্যজিৎ। 


এক মহাকাশ ভালবাসা দিতে চেয়েছি,
ভালবেসেছি তোকে সীমাহীন,
হিসেব করিনি তোকে ভালবাসতে,
ভালবেসেছি দ্বিধাহীন।
তোকে দেখেছিলাম সেদিন বর্ষার জল মুখে মাখতে,
জ্বর মাখা শরীরে ছুটে গেছিলিস জানালায়, 
ভালবাসার তীব্র আকর্ষণ আমি খুঁজে পেয়েছিলাম সেদিন,
তোকে আঁকড়ে ভালবাসতে। 
কত পাগলামি ছিল সেই শ্রাবণ প্রেমিকার মুখে!
আমি হেসেছিলাম শ্রাবণের দিকে চেয়ে,
বলেছিলাম আমি কেড়েছি তোমার প্রেম,
এই প্রেমিকাকে আমি কেড়েছি তোমার থেকে। 
তোকে সেদিন দেখেছি লজ্জার বাধ ভাঙতে,
রেস্টুরেন্টে চেয়ারে উঠে গোলাপ হাতে বলেছিলিস "ভালবাসি",
আমি হতবাক চোখে তাকিয়ে ছিলাম,
আশেপাশের মানুষেরাও দেখেছিল সেই প্রেম। 
তোকে নিয়ে কল্পনাতে ভাসি,
তোকে নিয়ে আমি হাতে হাত রেখে পথে হাঁটি,
তোকে নিয়ে রাস্তায়
শ্যামবাজারের মোড়েও সবাইকে চমকিয়ে ভালবাসি। 
সিনেমা হলের আলোতেও চুমু খাই অনর্গল,
জড়িয়ে ধরে রাখি,
হিজড়ে মাসিদের সাথে মজা করতে করতেও
আমি তোকে চেপে ধরে রাখি।
ভালবাসি শুধু ভালবাসতেই,
তোর প্রতি কোনো শর্ত নেই,
তুইও তো ভালবেসেছিস আমাকে শর্তহীন, দ্বিধাহীন,
আমায় মুক্ত করেছিস। 
তোর উপহার যত বই, পাণ্ডুলিপি,
আর ওই ড্রিমক্যাচার আমাকে ছুঁয়ে রাখে সারাদিন- রাত,
চেয়ে দেখি বারেবারে,
যেদিকে তাকাই ঘরে,
সেদিকেই খুঁজে পাই তোর ভালবাসা ছুঁয়ে আছে আমায়। 
একদিন যখন আমি ভালবাসার তীব্র ভালবাসাহীনতায় 
দিশাহীন হয়ে পড়েছিলাম,
একদিন যখন সময় হয়ে উঠেছিল দুঃসহ লম্বা লম্বা রাত,
একদিন যখন এদিক ওদিক হাতড়ে বেড়িয়েও তৃপ্ত হতে পারিনি,
অনেক মানুষের চোখে হয়ে উঠেছিলাম এক ভরসাহীন মানুষ,
সেদিন তুই ভরসা করেছিলিস এক তীব্র বিশ্বাস নিয়ে, 
ঠিক যেন লৌহদণ্ডের মতো শক্ত এক বিশ্বাস,
আমি ডুবতে ডুবতে পেয়েছিলাম তোর হাত 
নদীর কিনারায় উঠতে।
আমি যেন এমনই তোর প্রেমিক হয়ে বাঁচি, -
যতদিন বাঁচি,
আমি যেন তোকে ছুঁয়ে বাঁচি আজীবন -
তোর প্রেমিক হয়েই; থাকবো
এক শর্তহীন ভালবাসার অভিলাষে। 

No comments:

Post a Comment