Monday, 1 August 2016

বিদায়।
সৌম্যজিৎ।

মুহূর্তে মুহূর্তে নিঃশ্বাস পড়ছে বড় বড়,
সময় বয়ে চলেছে, আর কতক্ষন!
বিদায় আমার প্রিয় ঘর।
আমি আর খেলবো না বল নিয়ে তোমার দেওয়ালে,
আমি আর ছোঁবো না তোমার প্রতিটা দেওয়াল, মেঝে,
আমার বইগুলো আর জায়গা করে নেবে না তোমার বুকে,
ওরা নতুন ঠিকানা পেয়েছে।
আমার খুব মনে পড়ছে প্রথম দিনথেকে তোমার সাথে
আলাপ হওয়ার মুহূর্তগুলো,
আমার মনে পড়ছে কি ভীষণ বৃষ্টিতে ভিজে তোমাকে নিজের করে নিতে
আমি সেদিন এসেছিলাম,
প্রথম তোমার বুকে আমি পা রেখেছিলাম।
কাল সেই পথে আমি বিদায় নেবো, তুমি অন্য কারোর হয়ে যাবে কাল থেকে,
মনে থাকবে আমাকে?
তুমি কখনো মনে করবে তোমার মধ্যে আমার কথা বলার শব্দ, নিঃশ্বাস ফেলার শব্দ,
আমার কবিতা পড়ার শব্দ বা বিজ্ঞানের ফর্মুলা উচ্চারণের শব্দ?
আমি তোমাকে মনে করবো কিন্তু প্রতিটা সময় ধরে,
যখন যখন আমি কবিতা লিখবো, কবিতা পড়বো, ফর্মুলা উচ্চারণ করবো, নিঃশ্বাস ফেলবো,
আমার মনে পড়বে তোমাকে।
নতুন মানুষদের ভালো রেখো,
তুমি ভালো থেকো আমার প্রিয় ঘর।
বিদায়। 

No comments:

Post a Comment