Wednesday, 10 January 2018

উৎসর্গ- নির্বাসিত লেখিকা, তোমাকে।


সেই কত হাজার যুগ পার হয়ে গেছে

তোমার সাথে আমি হাঁটিনি রাস্তায়,

সেই কত হাজার যুগ পার হয়ে এসেছি আমরা,

তুমি ঘুরে বেড়াও পৃথিবীজুড়ে,

আমার দৌড় ওই এয়ারপোর্ট থেকে শুরু হয়ে শেষ হয়ে যায় আলিপুরে।

আমি বুঝি কি ভীষণ অভিমান হয়েছে তোমার, -

আমার প্রতি,

সেদিন যখন চারিদিকে হইহই রব তুলে ওরা ছিনিয়ে নিল তোমার থেকে

ভালোবাসার ভাষার শহরটাকেই,

সেদিন আমি চুপ হয়েছিলাম,

তোমাকে অপমানিত হতে দেখছিলাম চোখের সামনে,

সেদিন সত্যিই আমি ভ্রুক্ষেপ করিনি তোমার অসহায়তাতে,

শিরদাঁড়াকে সোজা করতে পারিনি সেদিন।

কাপুরুষের মত মাথা নিচু করে শুধু নিজেরটুকু ভেবেছিলাম,

ভেবেছিলাম আমি অন্তত একটুখানি বাঁচি,

অপমানিত হয়ে হলেও,

দাঙ্গা, মারামারি, লজ্জাকে মাথা পেতে স্বীকার করে নিয়ে হলেও

আমি একটুখানি বেঁচে থাকি কোনো এক কোণায় বদ্ধ বাতাসে, অন্ধকারে।

বুঝিনি তখন, এ বাঁচা বাঁচা নয় আমার,

এ বাঁচায় আমার অহঙ্কার নেই, বীরত্ব নেই, প্রাণবায়ু নেই,

এ বাঁচা শুধু নিজেকে তিল তিল করে শেষ হতে দেখার জন্য বেঁচে থাকা,

এ বাঁচা শুধু প্রতিমুহূর্তে লজ্জায় মাথা হেঁট হতে দেখার জন্য বেঁচে থাকা।



আমি প্রতিমুহূর্তে বাঁচার পরিবর্তে একটু একটু করে নিভে যাচ্ছি,

নিভে যাচ্ছি শিরদাঁড়াকে সোজা রেখে সেদিন তোমার জন্য মাথা উঁচিয়ে রাখতে পারিনি বলে,

আমি প্রতিমুহূর্তে শেষ হয়ে যাচ্ছি আমার সেদিনের কাপুরুষত্বের জন্য।



কত যুগ!

কত হাজার যুগ পার হয়ে গেছে তোমার সাথে আমি মিশিনি ...

- সৌম্যজিৎ।

No comments:

Post a Comment