ফিরে আসবো ভালোবাসা।
সৌম্যজিৎ।
শুধু পেয়েছি, তা অনুভব করেছি,
অনুভব করেছি তোমাকে নিঃশ্বাসে,
অনুভব করেছি স্পর্শে স্পর্শে,
অনুভব করেছি তোমাকে আমার দুহাতে জড়িয়ে ধরা বুকের মাঝে,
অনুভব করেছি তোমাকে চুলের গন্ধে, তোমার শরীরের গন্ধে।
সেদিন যখন তোমাকে দেখলাম বাইরে এক রাশ বৃষ্টি পড়ছে দেখে, -
অসহ্য শরীরের যন্ত্রনা নিয়ে আর উত্তপ্ত জ্বর নিয়ে ছুটে গেলে জানালার ধারে বৃষ্টি মাখতে,
তোমার চোখে মুখে যে আনন্দ আর আকুল হওয়া উচ্ছাস দেখেছিলাম,
আমি আবারও নতুন করে তোমার প্রেমে পড়েছিলাম।
প্রেমে আমি বারবারই পড়ি,
প্রেমে আমি যখন তখন পড়ি,
এই বুকে প্রেম আর ভালোবাসার মাঠ বিস্তীর্ণ হয়েছে -
পৃথিবী ছাড়িয়ে মহাকাশের অসীম সীমানা ভেদ করে,
প্রেম আমার এক সহজাত অধ্যায়, যে অধ্যায়কে তুমি ভেদ করেছ তোমার ভালোবাসার তীরে,
এই বিস্তীর্ণ হৃদয়ে তুমি একছত্র রাজ করে চলেছ অবাধে।
কিন্তু সত্যিই কি তুমি একছত্র আধিপত্য করছ!!!
সেখানে তো শুধু রাজ করেছে অগ্নি উৎস,
এখন তুমি সেই অগ্নি উৎসের পাশে এক নির্মল বাতাস আমার হৃদয়কে শীতল করছ,
ভরসা হয়ে আছো আমার প্রতি মুহূর্তে এক অজানা লড়াইয়ের পথে,
সামনে যে এক অসম লড়াইকে আমি আহ্বান জানিয়েছি,
সেটাকে জেতার মতো সাহস দেখিয়েছি,
তুমি সেই লড়াইতে আমাকে শক্তি দিয়েছ অশেষ।
শুধু তোমারই জন্য আমি এই লড়াইতে জিতে বেঁচে থাকতে চাই,
শুধু তোমারই হয়ে।
আমি ফিরে আসবো ভালোবাসা,
ফিরে আসবো আমার অগ্নি উৎসকে সাথে নিয়ে,
তুমি অপেক্ষায় থেকো।
No comments:
Post a Comment