এ তুমি কেমন তুমি আমার মনে বসে আছো, রাজ করছো,
এতো বায়না, এত আবদারেও চুপ থেকে উতল হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ বহুদূরে, বহুদূরে ...
তোমার চিন্তায় মত্ত মন, বুঝেও বোঝে না, অস্থিরতায় সময় কাটে,
বারেবারে কথা বলতে চায়, তোমার একটু স্নেহে হারিয়ে যেতে চায় অরন্য মাঝে পথ হারিয়ে।
পড়ার ফাঁকে, বা বাঁকে বাঁকে তুমি আর তোমারই কথা মনে আসে,
মনে আসে নানা খেয়াল, আর ভাবনাগুলো পাড়ি দেয় শূন্য পথে আকাশ দিকে।
আদর্শগুলো রঙিন সাজে, রাস্তাঘাটে আওয়াজ তোলে,
আমি ভাবি, কল্পনাতে অনুভব করি,
অনুভবেই তোমার আদর্শে বেঁচে থাকি আর স্বপ্ন দেখি সেদিনের ...
তুমি যখন পার্লামেন্টে বা কোনো সম্মেলনে দীর্ঘক্ষণের বক্তৃতাতে তুলে ধরো আদর্শ গাঁথা,
একের পর এক সাহসী সব মন্তব্যে ঝড় বইয়ে দাও দেশজুড়ে,
গোটা দেশ যখন তোমাকে নিয়ে সরব থাকে, কাগজে লেখে, খবরে বলে,
আমি মুগ্ধ হয়ে শুধু তোমাকেই ভেবে যাই,
তোমার কথাগুলো ভেঙেচুরে বিশ্লেষণ করে আদর্শকে টেনে বার করি।
তুমি যখন যখন প্রেমের কবিতা লেখো,
আমি সেই প্রেমের কবিতাতে নতুন করে প্রেম শিখি, তোমার প্রেমকে অনুভব করে।
তুমি যখন চেতনাগুলোকে নতুন করে চিনতে শেখাও,
আমি বাধ্য ছাত্রের মতো সেগুলো শিখি, নিজের মধ্যে রপ্ত করি,
মন দিয়ে অনুভব করি তোমার সমস্ত সত্তা,
অনুভব করি তোমার বেঁচে থাকা জীবন।
***** সৌম্যজিৎ *****
No comments:
Post a Comment