সম্পর্ক।
সৌম্যজিৎ।
উৎসর্গ - যাকে আমি নতুন নামে ডেকেছি, অপ্রচলিত নামে ডাকা মানুষটাকে।
সকাল, দুপুর, রাতে যাকিছু ভাবি, তোমায় বলি, -
এটাও আমার আবদার,
তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখি কত কত, -
সেটাও আমার আবদার,
তোমাকে যে সবার থেকে আমি আলাদা নামে ডাকি,
আজ যে নাম অনেকেরই মুখে মুখে ফোটে,
যে নামের মধ্যে সম্পর্কের কোনো সম্পর্ক নাই,
যে নামের মধ্যে শুধু ভালোবাসা আছে, স্নেহ আছে, আদর আছে,
সেই নামটাও আমার আবদার।
মা, বোন, দিদি বা প্রেমিকা-
তোমাকে কোনো সম্পর্কেই দেখতে পারিনা,
সম্পর্কের বাইরে গিয়েও একটা সম্পর্ক হয় যার কোনো পরিচিত রূপ থাকেনা,
আকার থাকেনা, আয়তন থাকেনা,
থাকে শুধু অনুভব করার মতো ভালোবাসা,
থাকে কাছে না থেকেও কাছে থাকার আশ্বাস,
এমন এক নামহীন সম্পর্কে আমি তোমাকে খুঁজে পাই।
কখনো তোমার প্রতি যে পাগলামির সীমা পেরিয়ে যাই,
লজ্জায় গালদুটো লাল হয়ে যায়,
সেই সীমা আমি ধরে রাখতে পারিনা,
সেটাই বোধহয় তোমার সাথে আমার সম্পর্ক।
কখনো যখন তোমার প্রতি আমার নিষ্ঠা
সবার সামনে আদিক্ষেতার রূপ নেয়,
কখনো যখন আমি নিজেই ভাবতে শুরু করি এটা আমি কি করছি,
সবার সামনে নিজেকে তুলে ধরছি, খুলে ধরছি,
আমার কি কোনো মানবোধ নাই?
তারপরেও নিজেরই অজান্তে সেই একইভাবে আবার -
নিজেকে তুলে ধরি, খুলে ধরি,
সেটাই আমার প্রেম তোমার প্রতি।
আবার সেটা ঠিক প্রেম নয়, সেটাই সম্পর্ক তোমার সাথে।
প্রেম তো সবার সাথেই হয়, তোমার সাথে হয় পরিচয়হীন সম্পর্ক।
No comments:
Post a Comment