তুমি কবিতা চেয়েছিলে না!
আমার কবিতা পুড়ে গেছে।
তোমায় কি দেবো নতুন করে!
আমার ঘরময় ধোঁয়াকার আজ, কবিতার মন পুড়ে ছাই হয়ে গেছে,
মনের প্রেম প্রেম আবহাওয়াতেও কালো মেঘ জমেছে।
বৃষ্টি আসার কথা ছিল, আকাশের দিকে চেয়েছিলাম ভীষণ উত্তেজনায়,
কতকিছু কল্পনার আসরে সাজিয়েছিলাম,
আজ ভিজবো অনেকদিন পর,
মনের সমস্ত আবর্জনা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ভেবেছিলাম।
আকাশ গিরগিটির মত রঙ বদলায়,
ঠিক আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে গেল।
একরাশ উত্তেজনা কখন যে কালো পোড়া মন খারাপে বদলে গেল!
টের পাইনি।
প্রেম আমার হয়না, হয়না,
যতই ভাবি ভালবাসবো,
যতই ভাবি নিজের মত করে আদর করবো, যত্ন করবো, চুমু খাবো,
তার সব আনন্দ, কষ্ট, রাগ, অভিমান আমি নিয়ে নেবো,
যতই ভাবি সব বাধা ভুলে নতুন করে ভালোবাসাকে সাজাবো,
কিছুতেই হয়না জানো!
অভিশপ্ত লাগে নিজেকে বড্ড।
অভিশাপ আমাকে গ্রাস করে রেখেছে,
সেই কবে কে একজন আমায় বলেছিল, "তোর অনেক প্রেম আসবে,
কিন্তু তুই ভালবাসা পাবিনা, আমি অভিশাপ দিলাম তোকে।"
বারবার সেই অভিশাপে আমি তপ্ত হই,
বিলুপ্ত হতে হতেও আবার গড়ে উঠি নতুন করে ভালবাসবো ভেবে,
কিন্তু ভালবাসাটা আর হয়ে ওঠে না।
কোনোকিছুই তো আজ আর হয়ে ওঠে না,
শুধু নিজেকে বড্ড একা একা লাগে, ফাঁকা ফাঁকা লাগে,
অসহায় হয়ে উঠি মুহূর্তে মুহূর্তে,
জেগে ওঠার অবিরাম প্রয়াস চালিয়ে যাই,
নিজের সমস্ত জোরকে ঐক্যবদ্ধ করে এগোনোর চেষ্টা করে যাই,
সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
ব্যর্থ হয়ে যাই আমি আবারও!
ভেবেছিলাম তোমায় কথার প্রেম দেবো,
কথার খেলা খেলবো তোমার সাথে,
কিন্তু আজ আর সেই জোর নেই আমার যে
তোমাকে কথার খেলায় ভাসিয়ে নিয়ে যাবো সমুদ্র গভীরে।
আমার সব ভালবাসাটুকু আমি দিয়ে ফেলেছি ভালোবাসাকে,
ভালোবাসা যতক্ষণ ছিল,
আমিও অবাধে সবাইকে ভালবাসতে পারতাম,
অবাধে প্রেম বিলোতে পারতাম,
এখন আমার আর কিছু অবশিষ্ট নেই যে তোমায় দিই ..
এরপরও যদি কবিতা চাও, ডুবতে চাও,
তোমায় স্নেহ ব্যতীত আর কিছুই দেওয়ার সামর্থ্য নেই আমার,
আমার নিরুপমা।
No comments:
Post a Comment