Friday, 1 September 2017

কথা ছিল, আর নেই। 


কথাগুলো হারিয়ে গেছে,
স্মৃতিগুলোও আর নেই,
আজ তুমি অনেক দূরে, 
আমার ভাষা নেই, যেন আমি নেই। 
ওই যে ছাতিমতলার নিচে হয়েছিল প্রেমখানি,
ওই যে আকাশ জেনেছিল, বাতাস জেনেছিল,
ওই যে ক্যাথেড্রালের নিঃশব্দ ঘরটা সাক্ষী থেকেছিল,
ভিক্টোরিয়া জানিয়েছিল অভিনন্দন, 
ওই যে প্রিন্সেপ ঘাটের রেস্তোরাঁ দেখেছিল এক নতুন প্রেমের শুরু, 
চেয়ারের ওপর দাঁড়িয়ে একটা গোলাপ দিয়েছিলে পাগলির মত,
আজ আর তুমি সেই পাগলি নেই,
আজ আর তুমি গোলাপ দাওনা,
আজ তুমি কাঁটা বিঁধিয়ে রক্তাক্ত করেছ আমার মন, 
প্রাণহীন করে দিয়েছ আমার আশা, স্বপ্নগুলো। 
জ্বর গায়ে আমি যখন ছুটে যেতাম তোমার কাছে,
ভাবতাম তুমি হাতে হাত রেখে আমাকে ধরে হাঁটবে,
হেঁটেছিলে তুমি পার্কস্ট্রিটের রাস্তা ধরে আমার সাথে,
শুধু চেপে ধরো নি আমাকে। 
কত স্বপ্ন নিয়ে সেদিন গেছিলাম তোমার সাথে রঙে রঙে সাজবো ভেবে,
মোটরসাইকেলের সাইলেন্সারে পা পুড়িয়েও ব্যথা বুঝতে পারিনি স্বপ্নের ঘোরে,
ভেবেছিলাম তোমাকে বাইকের পিছনে বসিয়ে পাড়ি দেবো রবি ঠাকুরের বাড়ির রাস্তায়।
স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থেকে গেছিল,
তুমি এসেছিলে অগ্নিমূর্তি হয়ে একরাশ রাগ নিয়ে,
আমি তোমার সাথে আর রঙে রঙে খেলতে পারিনি,
পারিনি সেদিন তোমার মন ছুঁয়ে যেতে। 
কথা ছিল একে অপরের পাশে থাকবো সবসময়,
কথা ছিল দুজন দুজনকে ভালবাসবো সমস্ত বাধাতেও,
কথা ছিল মনের গুমোটকে মেলে ধরবো দুজনে,
কথাগুলো মিথ্যে ছিল না, শুধু কথা হয়েই থেকে গেল,
হারিয়ে গেল অলকানন্দের গভীর অরণ্যে। 

 - সৌম্যজিৎ (ভালোবাসার শরত।)

No comments:

Post a Comment