Sunday, 16 April 2017

তসলিমা নাসরিন, এক জ্বলন্ত আগুন।


লেখিকা তসলিমা নাসরিন সম্পর্কে যা'কিছুই লিখি, বাস্তবের মানুষটার থেকে সেই লেখা অনেক কম হয়ে যায়। আমি নিজেই আমার লেখা থেকে তৃপ্ত হতে পারিনা। যে নিজেই জ্বলন্ত আগুন তাকে ভাষার আগুনে উজ্বল করার ভাষা কম হয়ে যায়। এক প্রাণখোলা মেয়ে, কৌতূহলী কিশোরী, এক প্রেমিকা, প্রকৃতি প্রেমিক, পুরাতন শৃঙ্খল ছিন্ন করে বেরিয়ে আসতে চাওয়া এক মানুষ, লড়াকু, আপোষহীন, অন্যায়ের সামনে মাথা নত না করা এক মানুষ, দয়ালু, স্নেহশীল এসবই তাঁর চরিত্রের একেকটা বৈশিষ্ট। লেখার প্রতি এতটাই দায়বদ্ধ যে অকপটে সমস্ত কিছুই নির্দ্বিধায় লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন বারেবারে। আজকের সমাজে এতটা সত্যি গ্রহণ করার মত স্নায়ু ও মানবিকতা এখনো মানুষের চিন্তায় পোক্ত হয়নি। বরং মুখোশধারী সমাজমুখেদের তোপের মুখে লেখিকাকে বারেবারে পড়তে হয়েছে তাঁর এত অকপট সত্যের জন্য। লেখিকাকে বারেবারে লাঞ্চিত হতে হয়েছে, স্বভূমি থেকে নির্বাসিত হতে হয়েছে, কখনো আপনজনদের থেকে বঞ্চিত হতে হয়েছে বা কখনো আপনজনদের থেকে দূরে চলে গিয়ে একদম একা হয়ে যেতে হয়েছে। পুরুষতন্ত্র, সরকারতন্ত্র, মৌলবী, ধর্মান্ধ ভক্ত কেউই বাদ থাকেনি লেখিকাকে হেনস্থা করতে। একজন মহিলা হয়ে এত সাহস পায় কিকরে যে অন্যায়ের ওপর, পুরুষতন্ত্রের ওপর চোখ রাঙাবে! একজন মহিলা হয়ে এত সাহস পায় কিকরে যে স্বনির্ভর হয়ে বাঁচতে চায়! একজন মহিলা হয়ে এতো সাহস পায় কিভাবে যে পুরুষতন্ত্রের ধ্বজা উড়িয়ে দেয়! পুরুষতন্ত্রের আড়ালে যে নারীর ওপর প্রভুত্ব করার চল, একজন মহিলা হয়ে কিভাবে সেই পুরুষতন্ত্রের দিকে আঙ্গুল তোলে, আঘাত হানে! পুরুষতন্ত্রের কাছে সে নষ্টা, ভ্রষ্টা, বেশ্যা উপাধি পেয়েও কিন্তু কখনোই ভয় পেয়ে তাঁর কলমাস্ত্র থামিয়ে দেননি। বরং কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন ভীষ্ম একাকী দাঁড়িয়ে ঘুমহীন, আহারহীন লড়াই চালিয়েছিলেন, ঠিক তেমনই লেখিকা তসলিমা নাসরিন এই বিশাল পুরুষতান্ত্রিক রণক্ষেত্রে একাকী কলমাস্ত্র হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন ক্লান্তিহীনভাবে। তসলিমা নাসরিন জীবনের এক শিক্ষার নাম, তসলিমা নাসরিন আদর্শের নাম, তসলিমা নাসরিন সত্যের পরিচয়ের নাম, তসলিমা নাসরিন কলম হাতে এক যোদ্ধার নাম যাকে থামাতে পৃথিবী জুড়ে মৌলবাদীরা চেষ্টা করে যাচ্ছে প্রায় তিনদশক ধরে। তসলিমা নাসরিনের রাজত্ব মানুষের মনে, মানুষের বিবেকে, আদর্শের পথে, ভালবাসাতে, প্রেমে। এই রাজত্বের বিস্তৃতি এতটাই হয়েছে যে আজ আর কোনো মৌলবাদী, কোনো ধর্মান্ধ ভক্ত, কোনো পুরুষতন্ত্র, কোনো সরকারতন্ত্র তাকে থামিয়ে দিতে পারবেনা। মানুষে মানুষে আজ তসলিমা নাসরিন জন্ম নিয়েছে, কত মানুষকে ওরা থামাবে!


- সৌম্যজিৎ।

No comments:

Post a Comment