আমি ডুবে যাই এক সকালের অমর ভালোবাসার অতল গভীরে।
সৌম্যজিৎ।
এক অনন্ত কালজয়ী প্রেম,
এক কখনো না ফুরিয়ে যাওয়া ভালোবাসা দৃষ্টান্ত হয়ে আছে আজও -
হৃদয়ে হৃদয়ে।
আজও আমি যখন প্রেমে পড়ি,
আজও যখন আমার মধ্যে ভালোবাসার ঢেউ জোয়ার তোলে,
আমি আমাকে ডুবতে দেখি সেই ভালোবাসার অতল গভীরে,
যে ভালোবাসা তুমি বেসেছিলে স্বার্থহীন,
এক আগুন হৃদয়ে সকাল হয়ে এসেছিলে ভালোবাসা বিলিয়ে দিতে।
যখন তুমি ভালবেসেছিলে,
যখন তুমি সকাল হয়ে এক প্রখররুদ্রে আছড়ে পড়েছিলে -
ভালোবাসার নরম স্পর্শে তাকে ভেজাবে বলে,
যখন তুমি তার কবিতার টানে উতলা হয়ে থাকতে সবসময়,
যখন তার একটা সই চিহ্ন পেতে তুমি হাত বাড়িয়ে রাখতে অনেক অনেক ভিড়েও,
আমি আমাকে ডুবতে দেখি সেই ভালোবাসার অতল গভীরে।
হৃদয়ের আবেগে ঝড় তুলে,
যখন তুমি ভাসতে চেয়েছিলে সমুদ্রের ঢেউয়ে,
যখন তুমি ব্রহ্মপুত্রের কোলে খেলতে চেয়েছিলে ভালোবাসা আর প্রেম নিয়ে,
যখন তুমি সব লজ্জা, সব বাধা ছিন্ন করে হাঁটতে চেয়েছিলে স্বপ্ন রাজ্যে থাকা মানুষটার সাথে,
আমি বারেবারে নিজেকে ডুবতে দেখি সেই ভালোবাসার অতল গভীরে।
হৃদয়ের প্রতিটা কোণে পাথর চাপা রেখে,
চোখ থেকে অবাধে আসতে চাওয়া কান্নাকে প্রাণপণে আটকে রাখার চেষ্টা করে,
যখন তুমি চিঠি লিখেছিলে কোনো আকাশের ঠিকানার খোঁজে,
যখন তুমি ভালোবেসে মিশে যেতে চেয়েছিলে সেই আকাশের ঠিকানায়,
আমি ডুবে যাই,
ডুবে যাই সব হারিয়ে সেই ভালোবাসার অতল গভীরে।
No comments:
Post a Comment