Monday, 17 October 2016


প্রিয় কলকাতার উত্তর।

উৎসর্গ - একনিষ্ঠ কলকাতা প্রেমিককে।

কলকাতা যেমন ছিল, তেমনই আছে,
তেমনই আছে হাওড়া ব্রিজ, নন্দন, ভিক্টোরিয়া,
যেমন বিকেল, সন্ধ্যায় প্রেম করত প্রেমিক প্রেমিকারা গড়ের মাঠে,
চুমু খেত একে অপরকে অবাধে,
আজও কলকাতা সেভাবেই ভালো আছে।
ভালো আছে কলকাতা তার একনিষ্ঠ প্রেমিককে ছাড়া,
সেই এক প্রেমিক যার কণ্ঠে কলকাতাকে নিয়ে সবসময় আবেগ ঝরে পড়ে,
সেই এক প্রেমিক যে তার ভালোবাসার কলকাতা থেকে -
লজ্জা, অপমান, গ্লানি নিয়ে বিতাড়িত হয়েও আজও কলকাতাতেই মিশে আছে -
বহুদূরে থেকেও, মিশে আছে কলকাতার ঐতিহ্যকে হৃদয়ে নিয়ে,
অজস্র যন্ত্রণা হৃদয় ফুটে বেরিয়ে আসে যার বুক থেকে,
শ্যামবাজারের ছোট্ট সেই রেস্টুরেন্টটাকেও যে আজও মনে রেখে দিয়েছে স্মৃতির কোণে,
কলকাতা ভালো আছে তার সেই একনিষ্ঠ প্রেমিককে ছাড়া।

ট্রামলাইনের ধার ঘেঁসে হাঁটতে চেয়েছিল সে সমস্ত জীবন,
নজরুলমঞ্চ, স্টার থিয়েটার, বইপাড়াতে ঘুরে সাধারন জীবনের স্বাদ পেতে চেয়েছিল সে,
স্বাদ পেতে চেয়েছিল কলকাতার বুকে ঘুরে বেড়িয়ে প্রেম করার, আজীবন,
তার সমস্ত হৃদয় জুরে শুধু প্রেম আর প্রেম, কখনো ইট পাথরের মতো কঠিন যুদ্ধ সে চাইনি,
ঠিক যতটা প্রেম সে কলকাতার বুকে খুঁজে পেতে চেয়েছিল,
ঠিক ততটা হিংসা, ততটাই ঘৃণা সে পেয়েছে তার ভালোবাসার শহর থেকে।
কলকাতা কখনোই শুধু একটা শহর হয়ে থাকেনি তার কাছে,
কলকাতা নামটাই তার বুকে আবেগ গর্জন করে বৃষ্টিপাত ঘটায়,
কলকাতা কখনোই তার পর নয় বরং পর হয়ে গেছে সে কলকাতার চোখে,
প্রতিটা ভাষাতে, প্রতিটা উচ্চারণে, প্রতিটা পাতাতে, প্রতিটা লেখাতে সে -
শুধুই সত্যিকে তুলে ধরেছিল,
মানুষের অনুভূতিকে আঘাত করতে নয়, সে চেয়েছিল মানুষকে সচেতন করতে,
একে অপরের অনুভূতিকে সম্মান করাতে,
কলকারখানার দূষিত বাতাসে ভরা কলকাতা তার এই মুক্ত আবেগকেই সম্মান জানাতে পারেনি,
অসম্মান করে, হৃদয়ে শেল বিঁধিয়ে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছিল,
আজীবন সে কলকাতার,
কলকাতা তার কখনোই হতে পারেনি।


প্রিয় কলকাতা তোমাকে ছাড়া ভালো আছে,
ভালো নেই তুমি ...


কলকাতাবাসী এই ছোট্ট হৃদয়ের মানুষটা তোমার অপেক্ষা করছে। সমস্ত আদর্শ, সমস্ত ভালোবাসাকে গায়ে মেখে, মনে মেখে দুহাত বাড়িয়ে আছে তোমায় ফিরে পেতে। তুমি ফিরবেই, ফিরবেই।

No comments:

Post a Comment