Tuesday, 6 June 2017

আমার সূর্য যেদিন উদিত হবে!
সৌম্যজিৎ।

আজ বহুদিন পর আমি পড়ার ঘরে
জানালা দিয়ে রাত জাগা সকালকে দেখছি,
ক্রমাগত আকাশী-কালো বর্ণ থেকে নীল ছাই বর্ণ উজ্বল হচ্ছে,
পূব আকাশে লাল জবাকুসুম আলোকিত করছে আমার শহর,
ঘন ঘন জমে থাকা মেঘেরা ছুটি নিয়ে ঘরে ফিরছে সারি বেঁধে।
আমার মনেও অজস্র মেঘ জমাট বেঁধে আছে,
কিছুদিন হল আমাকে পাগলের মত তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এপান্তর সেপান্তরে,
রোজ নতুন সূর্য আকাশকে আলোকিত করে উদিত হচ্ছে,
দুপুরবেলায় মাঝ আকাশে প্রখর রৌদ্রে উজ্বল করছে আবার
সময় গুণে ফিরে যাচ্ছে বিকেলের পশ্চিম আকাশে,
আমার মনের মেঘ কেটে কিছুতেই নতুন সূর্য উদিত হতে পারছেনা,
যেন মন ভর্তি কার্বনমনোক্সাইডে ছেয়ে গেছে আকাশ বা
দরজা জানালা বন্ধ কোনো গুমোট ঘর।
এ যেন অদ্ভুত এক নেশা -
আমি পড়ছি নেশাগ্রস্ত হয়ে, পড়ার মধ্যে ডুবে যাচ্ছি,
জানার মধ্যে ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি আর তলিয়েই যাচ্ছি কিনারায় উঠতে।
মনের মধ্যে তীব্র যন্ত্রণা শুধু তোমার একটু ভালবাসাহীনতায়,
তুমিহীন, ভালবাসাহীন জীবন আমার কাছে বড্ড কষ্টের,
আমি ক্লান্ত হয়েও যেন ছুটে চলেছি সম্মোহিতের মতই,
চোখে ঘুম এসে জমাট বাঁধতে চাইছে, কিন্তু চায়ের কড়া জেদের মত অভিমানের জেদ
নিমেষেই সেই ঘুমকে তাড়িয়ে দিচ্ছে।
আজকাল হঠাৎ হঠাৎ আমার বুক কেঁপে ওঠে ভয়ে,
মনের নিরাপত্তাহীনতার ভয় আমাকে তাড়া করছে,
নিশ্চিন্তের কোনো বাসা নেই যে আশ্রয় দেবে দুশ্চিন্তা কেড়ে নিয়ে।
শুধু ছুটে চলেছি এক পরিচয়ের লক্ষ্যে,
আমাকেও কিছু করে দেখাতে হবে তোমার সামনে।


আমার মনে এখনও কালো মেঘ সরেনি,
এখনও ভোরের সূর্য উদিত হয়নি,
যেদিন উদিত হবে, আমি তোমার দিকে প্রশ্নের বাণ ছুঁড়ে দেবো একরাশ অভিমান মিশিয়ে,
কেন তুমি আমায় একটু ভালোবাসোনি! 

No comments:

Post a Comment