Friday, 26 May 2017




এ তুমি কোন বাংলাকে ভালবেসে এসেছ আজীবন!
কোন বাংলা উচ্চারণের জন্য হাহুতাশ করেছ! 
সুইডিশ রেসিডেন্সটা তো পাকাপাকিভাবেই পেয়েছিলে,
কোনো বাধা ছিল না, ছিল না পরাধীনতা, ছিল না কোনো অপমান,
সুখের জীবন ছেড়ে কেন আগুনে ঝাঁপ দিতে চাও! 
জানো না বাংলা তোমাকে নিয়ে রকে রকে মজা করে!
বাংলা তোমাকে সম্মান করে না মেয়ে,
আঠারো থেকে আশি, তুমি শুধুই তাদের কটু দৃষ্টি আর গালাগালির বিষয়।
কথায় কথায় ওরা তোমার বাপ মা তুলে কথা বলে,
কথায় কথায় ওরা তোমাকে লাঞ্ছিত করে, ধর্ষণ করে, বেশ্যা বলে।
এসবের পরও তুমি কোন মোহে বাংলাকে নিজের গায়ে, মনে মেখে থাকতে চাও! 
তুমি তো এ ভারত দেশে স্বাধীনভাবে জলটাও খেতে পারো না,
স্বাধীনভাবে ঘুমোতে পারো না, বাস করতে পারো না, ঘুরতেও পারো না,
তবু তুমি ভেবে রেখেছ- ভারতে আছি মানে আমি বাংলাতেই আছি,
অন্তত এটুকুই আমার শান্তনা যে আমি বাংলার কয়েকটা মানুষের সাথে বাংলাতে মিশতে পারছি।
মেয়ে, তুমি বড্ড পাগল,
তোমার সাজানো পুরস্কারে তুমি বাংলাকে চিরকাল গর্বিত করেছ, কিন্তু
বাংলা তোমায় নিয়ে কখনো গর্ব করেনি।
বড্ড বোকা তুমি মেয়ে। 
যারা তোমাকে মাথার তাজ বানাতে চায়, 
তাদের দিকে তুমি ফিরেও তাকাও না,
যারা তোমাকে প্রতিমুহূর্তে দংশন করে, 
তুমি তাদের জন্য হাজারটা কথা বলো, লড়াই করো।


- সৌম্যজিৎ।

No comments:

Post a Comment