রাষ্ট্রকে নয়, আমার সব ভালোবাসা দিলাম মানুষকে।
সৌম্যজিৎ।
ভারতবর্ষ ছিল মিলনের মহান দেশ,
হিন্দু, মুসলিম হাতে হাত মিলিয়ে,
কাঁধে ভর দিয়ে একে অপরের,
মুক্ত হতে চেয়েছিল স্বাধীনতার পথে,
জাতিভেদকে ছাপিয়ে শক্তি হয়েছিল
একজোট, এক পরিবারে ..
আমার মুক্ত মাটি, মুক্ত বাতাসে খেলার স্বপ্ন
ভেঙে চুরমার হল রাজনীতির খেলাঘরে ..
বুকে গভীর প্রেম আমার দেশের প্রতি,
আমি জানাতে পারিনি তোমায়,
আমার অখণ্ড ভারতবর্ষকে টুকরো হতে দেখে,
ভাই ভাইয়ের রক্তের পিপাসু হতে দেখে,
লজ্জায় আমি থমকে গেছি,
আমার প্রেম আমি তোমায় দিতে পারিনি,
টুকরো হয়ে যাওয়া সাম্রাজ্যকে আমি ভালবাসতে চাইনি।
আমি মানুষকে ভালবাসলাম,
ভাগ হয়ে যাওয়া সাম্রাজ্যের
ভাগ হয়ে যাওয়া জাতিকে পরোয়া না করে,
ভালবাসলাম সেই নির্বাসিত মানুষটাকে,
যে মানুষটা তোমার ভাগ হয়ে যাওয়া টুকরোকেও
মন, প্রাণ, আদর, স্নেহ সবটা দিয়ে ভালবেসেছে,
তোমার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া সেই সাম্রাজ্য
ছিন্ন করে দিল সব সম্পর্ক, বিতাড়িত করলো,
নির্বাসিত করে দিল সেই মানুষটাকেও!!
বিচ্ছেদ, সম্পর্কচ্যুত করে দেওয়া,
পর করে দেওয়া তোমার ইতিহাসেই বহমান ভারতবর্ষ।
ভারত - বাংলাদেশ - পাকিস্তান,
রাজনীতির আদলে মানচিত্রে খণ্ড হয়ে যাওয়া তিন স্থান,
জাতিভেদ গড়ে তুমি খণ্ড করেছ কত ভালোবাসা, কত প্রেম, কত বন্ধুত্ব!!!
আমি তোমায় ভালবাসতে পারবো না সীমানার কাঁটাতারে ঘেরা সাম্রাজ্য,
ভালোবাসাকে তুমি সম্মান দিতে জানোনি,
আমার ভালোবাসার সম্মান তুমি দিতে পারবে না।
জানো ভারত রাষ্ট্র
আমি ভালবেসেছি সেই বিপ্লবী লেখিকাকে,
কাঁটাতারের সীমানা ছিন্ন করে যে একাকী মানুষরূপী প্রতীক হয়েছে,
যার অন্তরে কোনো খণ্ড সাম্রাজ্য নয়,
এক অখণ্ড হৃদয় বাস করে,
যে তোমার মত রাজনীতির ইমারত গড়তে চায় না,
শুধু মানুষকে ভালোবেসে ভালোবাসার এক নতুন আদর্শ গড়তে চায়,
আমি ভালোবাসি সেই লেখিকা তসলিমা নাসরিনকে।
জানো ভারত রাষ্ট্র
আমি ভালবেসেছি সেই মেয়েটাকে,
তোমার বুকে জন্মেও যে ভালবাসতে শিখেছে পাগলের মত,
তার হাসিতে তারাদের ঝিকিমিকি রূপ ফুটে ওঠে,
তোমার বুকে জন্মেও যে জাতিভেদে নয়,
মানুষ হয়ে বাঁচে,
মানুষকে আপন করে বুকে টেনে নেয়,
ভালোবাসার প্রচণ্ড আবেগে জড়িয়ে রাখে সব মুহূর্তগুলোকে,
তোমার বুকে জন্মেও সে পর করে দিতে শেখেনি,
আমি ভালোবাসি আমার সেই ভালোবাসাকে।
জানো ভারত রাষ্ট্র
আমি ভালবেসেছি সেই মানুষটাকেও,
যে জন্মেছে তোমারই থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া পররাষ্ট্রে,
সেই পররাষ্ট্র যেখানে তোমারই মত জাতিভেদ বেড়ে উঠেছে তীব্র অহমিকায় তবু,
সেই মানুষটার বুকে জাতিভেদের হিংসা স্থান নিতে পারেনি,
নিষ্পাপ হাসিতে যে সহজেই আপন করে নিতে পারে অচেনা, অজানাকেও,
আমি ভালবেসেছি আমার সেই জান্নাতকে।
ভারত রাষ্ট্র
আমি ভালবেসেছি সেই পররাষ্ট্রেই জন্ম নেওয়া আরেক সন্তানকে,
যার দুষ্টু, মিষ্টি ভালোবাসা আমার মধ্যে তীব্র স্নেহের সঞ্চার করে,
যে সন্তানকেও দূর করে দিয়েছে তোমারই ইতিহাস বহন করা
সেই পররাষ্ট্র বাংলাদেশ,
ছোট্ট মেয়েটা এত ছোট হয়েও আজ
স্বাধীনতা পায় না নিজের দেশে বাঁচার,
তার স্বাধীনতা নেই পরিচিত আপনদের সাথে হাসার, ঘোরার, খেলা করার,
তার স্বাধীনতা নেই নিজের ভিটেমাটিতে যেমন খুশি তেমন থাকার,
আমি ভালবেসেছি সেই ছোট্ট ইতুকে।
ভারত রাষ্ট্র
যে ভালোবাসা তুমি বাসতে পারো নি,
ভালোবাসার পরিবর্তে তুমি পর করে দিয়েছ আপনজনদের,
বিভেদ, বিচ্ছেদ গড়েছ নিজ সংসারেই,
তোমারই বুকে জন্মে আমি ভালোবাসা ছড়িয়ে দিলাম,
আমার রক্তের প্রতিটা ফোঁটায়, প্রতিটা শ্বাসে যে প্রেম আছে, যতটা আছে,
আমি বিলিয়ে দিলাম ..
No comments:
Post a Comment