স্বাধীনতার সাম্রাজ্য।
উৎসর্গ - লেখিকা তসলিমা নাসরিনকে।
- সৌম্যজিৎ।
আমরা তোমায় রেখেছি মনের গভীরে,
তুমি আমাদের জেগে ওঠা চেতনা,
তোমাকে নিয়ে সাজায় আদর্শ,
তোমারই আদর্শে মুক্ত আমাদের প্রেরণা।
ওরা দিক নির্বাসন,
ওরা করুক নিষিদ্ধ,
চাইনা সে মাটি যেখানে -
মুক্তি হাসেনা,
প্রাণ খেলেনা,
বাতাস বয়ে যায়না,
সত্যি জানালা খুলে বেরিয়ে আসেনা,
সে মাটি আমাদের নয়,
সে মাটিই নির্বাসিত।
যে মাটির মানুষেরা অহঙ্কার মুক্ত,
যে মাটির মানুষেরা গোঁড়ামি নয়, মনুষ্যত্বের চেতনা বহন করে,
যে মাটির মানুষেরা কাউকে নিষিদ্ধ, নির্বাসিত করেনা,
যে মাটির মানুষেরা জাতিভেদের কলঙ্ককে বীরদর্পে বহন করেনা,
যে মাটিতে ফুল ফোটে,
যে মাটির ওপরে আকাশে পাখিরা ওড়ে নিজ স্বাধীনতায়,
যে মাটির গায়ে রক্তের দাগ থাকেনা,
গোঁড়ামির বোটকা গন্ধ থাকেনা,
সেই মাটি আমাদের,
সেই মাটিই আমাদের আদর্শের জন্মদাত্রী।
কোথাও যদি না পাই সেই মাটির স্পর্শ,
তবে তোমায় আশ্রয় দিলাম আমাদের মনে,
তুমি বাস করে ধন্য করো আমাদের মানুষ জীবন,
গৌরবান্বিত করো আমাদের হৃদয়।
মনে রেখো,
যেখানে আমাদের স্বাধীনতা মেলেনা,
সেখানে শুধুই সুবিধাভোগীর রাজত্ব চলে,
স্বাধীনতার বিশাল সাম্রাজ্য ধারণ করেছি আমাদের চেতনায়,
বিস্তীর্ণ, গভীর বুকে,
সেখানে তোমার নির্বাসন নাই,
তুমি অবাধে যাতায়াত করো সেখানে।
No comments:
Post a Comment