Friday, 17 November 2017

ছন্দটা আজকাল আসতে চায়ছে না।
কোথায় হারিয়ে গেল বলো তো! 
আকাশে মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, 
শীতও নিজের সময় ঠিক করে এসে গেছে,
কিন্তু মনের ছন্দটা!
সে কোথায়!
আজকাল কি সে ঘুমিয়ে আছে নাকি
আমায় ছেড়ে চলে গেছে বা হারিয়ে গেছে চিরতরে! 
প্রেম প্রেম করে সারাজীবন তো মাথা খুঁটে মরেছি, 
একটু স্নেহ পেতে হাপিত্যেশ করেছি,
আজকাল হাঁপিয়ে উঠেছি।
প্রেম আমাকে ছায়া - মরীচিকা দেখিয়ে ভ্রমে ফেলেছে আর
স্নেহ আমাকে অপেক্ষা করিয়ে করিয়ে ধৈর্যের চরম পরীক্ষা নিয়ে গেছে,
ধরা কেউ দেয়নি। 
আজকাল বড্ড স্বার্থপরের মত মনে হয় আমাকে,
আজকাল মনে হয় প্রেম, ভালবাসা যা'কিছু আমি ধারণ করতাম,
সবকিছু থেকে কতদূরে চলে যাচ্ছি!
মনের মধ্যে রঙিন যে কল্পনাগুলো যখন তখন বাসা বাঁধত, 
স্থান, কাল, পাত্র না দেখে, না বুঝে হুটহাট চলে আসত,
হোক না সে কল্পনা,
তবু সে জানান দিত প্রেম আছে, ভালবাসা আছে, স্নেহ আছে।
আজকাল অনুভূতির দরজায় পর্দা পড়েছে,
আজকাল ওই যে সেই রঙিন কল্পনাগুলো আর মনে বাসা বাঁধে না,
আজকাল আর আমার মধ্যে আমি প্রেম খুঁজে পাইনা। 
ভয় হয় বড্ড।
আমি যেন প্রেমহীন হয়ে, ভালবাসাহীন, স্নেহহীন হয়ে -
ধ্বংসাত্মক হয়ে না পড়ি।
আজকাল তো নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনা,
যে ভালোর শক্তি আমাকে ধরে রেখেছিল, সেটাও 
আলগা হয়ে যাচ্ছে একটু একটু করে।
আজকাল কবিতা আসতে চায়না,
যা আসে, যেটুকু আসে তা শুধু রাগ, ঘৃণা ..
আর একদৃষ্টে অপেক্ষা করে যাওয়া এক সতেরই মার্চের।  

- সৌম্যজিৎ। 

No comments:

Post a Comment