Wednesday, 13 June 2018

"কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা,
মনে মনে .."

দিদি, মনে আছে একদিন তোমায় বলেছিলাম, "আমি তোমার কাছে গেলে, আমায় কাছে টেনে নেবে একটু! একটুখানি ভালোবেসে দেবে!"

তোমার উদার মন। ভালোবাসাতে কখনো দ্বিধা করো নি। আমি যাওয়ার পর, দূর থেকে যখনই আমায় দেখেছ, হাত নেড়ে কাছে ডেকে, কাছে টেনে আদর করে দিয়েছিলে। মুহূর্তটি আমার কাছে ভীষণ আবেগের ছিল। আমি মানুষটা মানেই একরাশ আবেগ। চলতে চলতে যখন ক্লান্ত হয়ে উঠি, যখন সবদিক বিচ্ছিন্ন মনে হয় আমার থেকে, যখন মানুষের প্রেমকে ক্রমশ অপ্রেমে রূপান্তরিত হতে দেখি, একা হয়ে যাই! তখন আমার তোমাকে ভীষণ প্রয়োজন হয়।

পরীক্ষাগুলো আজকাল আমার ভীষণ পরীক্ষা নিচ্ছে। স্নায়ু'চাপ সামলানোর তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রাণ শুকিয়ে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, ঠাণ্ডা ঘরেও মাথা ঘামছে, নিজের বুকে বেজে চলা স্পন্দন যেন কানের কাছে এসে অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। এমন মুহূর্তে আমার তোমায় ভীষণ প্রয়োজন। ঠিক যতটা প্রয়োজন কখনো আমার ও'কে মনে হতো, তেমনই প্রয়োজন আজ তোমায় মনে হল।

সব মানুষই কোথাও না কোথাও মনের আশ্রয় খোঁজে। ব্যাপারটি এমন যেন, সেটিই একমাত্র নিশ্চিন্তের আশ্রয়! যেখানে কোনো কষ্ট নেই, কোনো চাপ নেই, কোনো ভয় নেই, যেখানে গেলে ঠিক যেন বাচ্চাটি হয়ে যাওয়া যায়, যেখানে গিয়ে আবদার করে সমস্ত কষ্টকে ভাগ করে নিয়ে শান্তির শীতল ছোঁয়া খুঁজে পাওয়া যায়, সেই আশ্রয় তুমি - তুমিই দিদি। দিদি শব্দটি যখন আমি মনে মনে উচ্চারণ করি, মনে মনেই অনেক দূরে চলে যাই! হয়ে যাই সেই বছর পনের'র - সেই ছোট্ট শান্তটি, দুষ্টুমি করে বাড়ির সবার ভয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ধরা পড়লেই আর রক্ষা নেই। দরজার পিছনে, ছাদের চিলেকোঠায় চুপ করে থেকে, কিংবা খাটের তলায় চুপ করে বসে থেকেও ভয়ে হাত, পা কাঁপছে! একটি শীতল হাত মাথার ওপর দিয়ে বুলিয়ে দিলো। হারিয়ে গেলো সব ভয়, সব কুণ্ঠা! ওই হাতটিই যেন বুকের মধ্যে বেজে চলা সমস্ত অস্থিরতাগুলোকে শুষে নিয়েছে!

পরীক্ষাগুলি এখন মাঝে মাঝেই আমাকে অসহায় করে তুলছে! এমনকি পরীক্ষার হলে যখন যাচ্ছি, বেঞ্চে বসছি, মনে হচ্ছে গায়ের সমস্ত শক্তিটুকু অচেনা কোনো এক রাক্ষস এসে শুষে নিয়েছে! আরও ভয় পেয়ে যাচ্ছি! তোমার ওই শীতল হাতটি দিয়ে আরেকবার ছুঁয়ে দাও না দিদি। এখন বেশ কয়েকবার তোমার আওয়াজ, তোমার সুর শুনলাম। নিজেকে একটু নিশ্চিন্ত লাগছে।

ওই যে তুমি গেয়ে উঠলে, "কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা,
 - মনে মনে .."

আমিও হারিয়ে গেলাম, খুঁজে নিলাম তোমায়, তোমার ওই শীতল হাতটিকে ..

No comments:

Post a Comment